কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৪৫০ মৃত্তিঙ্গা বাঁশ জব্দ

নিজস্ব প্রতিবেদক 

ট্রাকে লুকিয়ে বনজ সম্পদ পরিবহনের কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। বিজিবির চেকপোস্টে তল্লাশিতে ধরা পড়েছে ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ। রাঙামাটির কাপ্তাইয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিচালিত অভিযানে এসব বাঁশ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বাঁশের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় একটি ট্রাকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বাঁশগুলো উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে আহরণ ও পরিবহন প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় বিজিবি।

বিজিবির ভাষ্য, বনজ সম্পদের অবৈধ আহরণ ও পরিবহন পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধ প্রতিরোধে চেকপোস্টে তল্লাশি, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান সমুন্নত রাখা এবং প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *