স্মৃতিতে শাস্ত্রীয় সংগীতগুরু নির্মলেন্দু চৌধুরী
তৃতীয় প্রয়াণবার্ষিকীতে পৈতৃক বাড়িতে শ্রদ্ধা নিবেদন
চট্টগ্রাম তথা বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতচর্চা ও সংগীত শিক্ষায় তাঁর অবদান স্মরণীয়। সেই গুণী সংগীতসাধক ও সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে স্থাপিত প্রতিকৃতিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সংগীত সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদ, শৈব সংঘ, সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠ, চতুরঙ্গ সংগীত নিকেতন, সুরাঙ্গন সংগীত নিকেতন, সুর পঞ্চম সংগীত নিকেতন ও সুর লহরী সংগীত নিকেতন।
এ সময় সংগীতপ্রেমী, শিক্ষক, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শাস্ত্রীয় সংগীতের বিকাশে এই গুণী সংগীতগুরুর অবদানের কথা স্মরণ করেন।
১৯৩৯ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ ভুর্ষি গ্রামে জন্মগ্রহণ করেন পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী। দীর্ঘ সংগীতজীবনে তিনি শাস্ত্রীয় সংগীতচর্চা ও সংগীত শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০২৩ সালের ১৩ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম নগরের বলুয়ারদিঘি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর স্মৃতি ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জন্মভূমি দক্ষিণ ভুর্ষির পৈতৃক বাড়িতে স্থাপন করা হয়েছে তাঁর প্রতিকৃতি। প্রয়াণবার্ষিকীতে তাঁর শিষ্যরা সংগীতসাধনা, আদর্শ ও অবদান পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
